প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার ও অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের কর্মশালা

প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার, নির্বাচনে অংশগ্রহণ, প্রবেশগম্যতা ও রাজনৈতিক প্রতিনিধিত্বের বিষয়গুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কর্মশালা। ‘ডিজ্যাবিলিটি ইনক্লুসিভ ইলেকশন রিপোর্টিং’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান)।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির (ইপিডি) সহযোগিতায় ‘প্রোমোটিং ডিজ্যাবিলিটি ইনক্লুসিভ ইলেকশন অবজারভেশন’ (পিডিআইইও) প্রকল্পের আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়। এতে মূলধারার প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল গণমাধ্যমের ২০ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অংশগ্রহণসংক্রান্ত সংবাদযোগ্য বিষয় চিহ্নিত করা এবং তথ্য অনুসন্ধান, যাচাই-বাছাই ও দায়িত্বশীল প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের ব্যবহারিক দক্ষতা বাড়ানো ছিল এর মূল লক্ষ্য।

জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারবিষয়ক সনদ (সিআরপিডি)-এর ২৯ নম্বর অনুচ্ছেদসংক্রান্ত নতুন সাধারণ নির্দেশনার আলোকে কর্মশালায় সংবাদ-ভাবনা নির্বাচন, শিরোনাম সম্পাদনা, অন্তর্ভুক্তিমূলক ছবি নির্বাচন এবং নির্বাচনী প্রবেশগম্যতাবিষয়ক বিভিন্ন কেস স্টাডি বিশ্লেষণ করা হয়।

এ ছাড়া নির্বাচনী কেন্দ্র ও প্রক্রিয়ার প্রবেশগম্যতাসংক্রান্ত তথ্য-প্রমাণ যাচাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিহ্নিত করা এবং অধিকার ও জবাবদিহির বিষয়গুলো অনুসন্ধানের ব্যবহারিক অনুশীলন করানো হয়। সংবাদে প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু সাক্ষাৎকারদাতা হিসেবে নয়, বরং নিজেদের অভিজ্ঞতার আলোকে অধিকারধারী ও বিশেষজ্ঞ হিসেবে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে সাক্ষাৎকার গ্রহণে সম্মতি, ব্যক্তির মর্যাদা রক্ষা, সংবেদনশীলতা এবং যথাযথ শব্দচয়নের বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়।

কর্মশালায় বি-স্ক্যানের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক সালমা মাহবুব, প্রোগ্রাম পরিচালক ইফতেখার মাহমুদ, প্রোগ্রাম কোঅর্ডিনেটর মাহফুজুর রহমান রাকীব, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর উপমা সাহা এবং অ্যাডমিন অফিসার রুমা আক্তার। ইপিডির পক্ষে প্রকল্প পরিচালক আনাস্তাসিয়া এস উইবাওয়া ও প্রোগ্রাম ম্যানেজার রোকসানা হক কর্মশালায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

কর্মশালাটি পরিচালনা করেন মিডিয়া অ্যানালিস্ট ও গবেষক নাজিয়া আফরিন মোনামী এবং দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ও মহিলা অঙ্গনের সম্পাদক রাবেয়া বেবি। সমাপনী বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেলিগেট সিমোনা কামোলিনি।