আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালনের কথা বলা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিমের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার ঘোষিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। এদিন দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে হবে।
এ ছাড়া পৃথক আরেকটি চিঠিতে দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। তবে ২০২৬ সালে দিনটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা এ উপলক্ষে অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি পাচ্ছেন না।
অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটি উদযাপনে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশনা থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।