নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা: ২৮–৩১ মে জ্যামাইকায় চার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

দীর্ঘ ৩৬ বছরের নিরবচ্ছিন্ন পথচলা পেরিয়ে এক ঐতিহাসিক মাইলফলকে পৌঁছাতে যাচ্ছে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। প্রবাসের মাটিতে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা, বিকাশ এবং প্রসারে এই মেলা আজ এক সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে।

তিন যুগের এই গৌরবময় অভিযাত্রা কেবল একটি বইমেলার ধারাবাহিক সাফল্য নয়; এটি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালির ভাষাপ্রেম, সাংস্কৃতিক ঐক্য, সাহিত্যচর্চা ও শেকড়ের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দলিল।

আগামী ২৮ থেকে ৩১ মে ২০২৭ পর্যন্ত চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার তিন যুগ পূর্তি উৎসব। মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ উৎসবকে স্মরণীয় করে তুলতে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও বইমেলার মূল আয়োজন অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। মেলার ঠিকানা: Jamaica Performing Arts Center (JPAC)153-10 Jamaica Avenue, Jamaica, NY 11432.

তিন যুগের এই ঐতিহাসিক উদ্‌যাপনকে আন্তর্জাতিক পরিসরে আরও বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ করে তুলতে বাংলাদেশ, পশ্চিমবঙ্গসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলা প্রকাশনা সংস্থাগুলোকে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।

আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করে অংশগ্রহণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

তিন যুগের ঐতিহ্য, অভিজ্ঞতা ও অর্জনকে সঙ্গে নিয়ে এবারের বইমেলা বাংলা প্রকাশনা জগৎ, লেখক, পাঠক ও সাহিত্য-সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষের মধ্যে নতুন সেতুবন্ধন তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রবাসে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা এবং নতুন প্রজন্মের কাছে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেলা সম্পর্কিত সর্বশেষ তথ্য, নিবন্ধন নির্দেশিকা ও বিস্তারিত জানতে আগ্রহীদের আয়োজকদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। 

ওয়েবসাইট: [www.nyboimela.org](http://www.nyboimela.org)

ফেসবুক: [www.facebook.com/newyorkboimela](http://www.facebook.com/newyorkboimela)