এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

নেপালের এভারেস্ট বেস ক্যাম্পের কাছে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বিদেশি পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার নেপালের পুলিশ ও বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষ জানায়, সোলুখুম্বু জেলার এভারেস্ট বেস ক্যাম্পসংলগ্ন একটি তুষারাবৃত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংস্থাটির উপমুখপাত্র জ্ঞানেন্দ্র ভুল বিবিসিকে জানান, লুকলা থেকে আসা একটি হেলিকপ্টার এবং গোরখপুর থেকে ফিরে আসা আরেকটি হেলিকপ্টার একই স্থানে অবতরণের চেষ্টা করছিল। এ সময় হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হয়।

সোলুখুম্বুর সহকারী প্রধান জেলা কর্মকর্তা ভূপেন্দ্র থাপা এক ভারতীয় পর্যটকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জেলা পুলিশের কর্মকর্তা নবীন রাজা বুধাথোকি বার্তা সংস্থা এএফপিকে জানান, নিহত ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যক্তিকে প্রথমে হেলিকপ্টারে করে লুকলায় নেওয়া হয়। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুষারে ঢাকা থাকার কারণে হেলিকপ্টার দুটি নির্ধারিত হেলিপ্যাডের পরিবর্তে অন্য স্থানে অবতরণের চেষ্টা করে থাকতে পারে। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত হেলিকপ্টার দুটি ফিশটেইল এয়ার ও এয়ার ডাইনেস্টির মালিকানাধীন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ।