ক্ষোভ ঝাড়লেন ইভানা

নাটকের কাস্টিং ও নির্মাণ প্রক্রিয়ায় পেশাদারত্বের অভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অভিনেত্রী পারসা ইভানা। তার অভিযোগ, অনেক সময় একটি চরিত্রের জন্য নির্দিষ্ট অভিনয়শিল্পীকে চূড়ান্ত করেও শুটিং শুরুর ঠিক আগে সিদ্ধান্ত বদলে ফেলেন প্রযোজকরা। এমন পরিস্থিতির মুখোমুখি নিজেও হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে দেশের নাটকের নানা অসংগতি তুলে ধরেন পারসা। তার মতে, গল্পের দিক থেকে বাংলাদেশের নাটকের সম্ভাবনা থাকলেও সঠিক কাস্টিং ও নির্মাণ পরিকল্পনার অভাবে অনেক ভালো কাজ প্রত্যাশিত মানে পৌঁছায় না। ব্যক্তিগত পছন্দের পরিবর্তে কাজের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

পারসা বলেন, তাকে নিয়ে চরিত্র লেখার কথা জানানো হলেও শেষ মুহূর্তে প্রযোজক কিংবা অন্য কারও আপত্তিতে কাস্টিং পরিবর্তন করা হয়েছে। বিষয়টি তার কাছে বিরক্তিকর। তবে কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা তার উদ্দেশ্য নয় বলেও স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ইভা চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পাওয়া পারসার বড় পর্দায়ও অভিনয়ের ইচ্ছা রয়েছে। তবে পছন্দের গল্প ও চরিত্র না পেলে সিনেমায় কাজ করতে চান না তিনি।