ভালোবাসা, মায়া আর বিচ্ছেদের আক্ষেপ নিয়ে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী কাজী শুভর নতুন গান ‘আমি এক ভুল কইরাছি’। অকালপ্রয়াত বাউল সাধক পাগল হাসানের কথা ও সুরে গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। এর সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।
গানটির ভিডিওতে অভিনয় করেছেন সাদাব হাশমী ও মাসুমা মাহমুদা তান। ভালোবাসা ও বিচ্ছেদের গল্পনির্ভর ভিডিওটি নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। এতে কাজী শুভকেও দেখা গেছে।
গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘প্রয়াত পাগল হাসানের গানের প্রতি আমার আলাদা একটা টান ও মায়া আছে। তিনি জীবিত থাকতেই গানটি আমি নিয়েছিলাম। পরে আমার প্রকাশিত ডিজিটাল অডিও অ্যালবাম ‘কেউ বুঝলো না’তে গানটি যুক্ত করি। প্রেমের আক্ষেপ ও বিচ্ছেদের হাহাকার মিশে আছে এর কথায়। আশা করছি, গানটি শ্রোতাদের হৃদয়ে গভীর দাগ কাটবে।’
ধ্রুব মিউজিক স্টেশন জানিয়েছে, গানটি তাদের ইউটিউব চ্যানেল ছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে।