লাখ টাকা ঘুষসহ দুদকের অভিযানে আটক সার্ভেয়ার

জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ চেয়ে এক লাখ টাকা নেওয়ার সময় হাতেনাতে আটক হয়েছেন রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলাম। তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

তিনি জানান, অভিযোগ অনুযায়ী, জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে সার্ভেয়ার আসাদুল ইসলাম ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে অভিযোগকারী বিষয়টি দুদককে অবহিত করেন। ঘুষ দাবির সঙ্গে জড়িত ব্যক্তিকে হাতেনাতে আটক করার জন্য ফাঁদ অভিযান পরিচালনার অনুরোধ জানান। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি দল ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানকালে এক লাখ টাকা ঘুষগ্রহণের সময় সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। এরপর তার বিরুদ্ধে মামলা করে আদালতে হাজির করা হয়।