দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণে জামায়াত নেতা আহত

খুলনার দিঘলিয়ায় মুড়ির প্যাকেটে লুকিয়ে রাখা ককটেল বিস্ফোরণে জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম আহত হয়েছেন। উপজেলার সেনহাটি কলের তার বসতঘরের সমানে মঙ্গলবার (৩ নভেম্বর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘরের আসবাবপত্রে আগুন ধরে যায়। বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত এম এম মনিরুল ইসলাম (৬৩) দিঘলিয়া উপজেলার ৭নম্বর ওয়ার্ডের জামাতের সভাপতি।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মসজিদ থেকে বাড়ি ফিরে তিনি বসতঘরের দরজার সামনে পলিথিনের একটি প্যাকেটে মুড়ি পড়ে থাকতে দেখেন। কেউ ভুল করে প্যাকেটটি রেখে গেছে মনে করে তিনি সেটি ঘরের ভেতরে নিয়ে যান। পরে মেঝেতে রাখার সঙ্গে সঙ্গে প্যাকেটে থাকা ককটেলটি বিস্ফোরণ হয়। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। বিস্ফোরণের আগুনে ঘরের আসবাবপত্রে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহত মনিরুলকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। 

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।