সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন

সাভারের হেমায়েতপুর ও উলাইলে তৈরি পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ, শ্রমিক ও সাংবাদিকসহ অনেকেই আহত হয়েছেন। এ সময় সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমের ব্যবহৃত পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

বুধবার (৪ নভেম্বর) সকালে হেমায়েতপুর ও উলাইল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সাভার মডেল থানার ওসি সাইফুল আলমসহ সাত পুলিশ সদস্য এবং তিন সাংবাদিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।  

সাভারের হেমায়েতপুরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে টানা পঞ্চম দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন তৈরি পোশাক শ্রমিকরা। এ সময় পদ্মার মোড় এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে, পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন। 

এ ঘটনায় সেখানে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।