পাবনা সদর উপজেলায় যানবাহনে নির্ধারিত মাত্রার অতিরিক্ত শব্দ করা ও অবৈধ হর্ণ ব্যবহারের অপরাধে দুই ট্রাক চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার মেরিল বাইপাস এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালক জেলা প্রশাসন, পাবনার সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালমা আক্তার দুই চালককে আড়াই হাজার টাকা জরিমানা করে। একই সঙ্গে নিষিদ্ধ তিনটি হাইড্রোলিক হর্ণ খুলে ধ্বংস করা হয়।
উপজেলার শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এই অভিযান চালায়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল মমিন। এ সময় পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী আব্দুল মোমিনসহ জেলা পুলিশের একদল সদস্য সার্বিক সহযোগিতা করেন।
জনস্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।