ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যবসায়ী মানিক মিয়া হত্যা মামলায় বাবা ও তার দুই ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি ছয় আসামিকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতের অতিরিক্ত দায়রা জজ (প্রথম আদালত) অসীম কুমার দে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কসবা উপজেলার নিমবাড়ি গ্রামের মোতাহার মিয়া এবং তার দুই ছেলে মনির মিয়া ও কামাল মিয়া। রায় ঘোষণার সময় কামাল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। তবে মোতাহার মিয়া ও মনির মিয়া পলাতক রয়েছেন।
মামলায় খালাস পাওয়া ছয়জন হলেন কামাল মিয়ার ছেলে রুবেল মিয়া ও শরীফ মিয়া, কামালের স্ত্রী মনোয়ারা বেগম, নবীর হোসেনের স্ত্রী মোছা. জিয়াসমিন এবং মনিরের স্ত্রী খাদিজা বেগম।
মামলার এজাহার ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, নিমবাড়ি এলাকার ব্যবসায়ী মানিক মিয়ার সঙ্গে প্রতিবেশী মনির মিয়ার আর্থিক লেনদেন ছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই বাগ্বিতণ্ডা হতো।
এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ১০ অক্টোবর রাতে টাকার বিষয়ে আলোচনার কথা বলে মানিক মিয়াকে ডেকে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর মনিরসহ তাঁর পরিবারের সদস্যরা মানিক মিয়ার ওপর হামলা চালান। তাঁকে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী হেলেনা আক্তার বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। ঘটনার এক বছর পর, ২০১৯ সালের নভেম্বরে পুলিশ ১১ জনের মধ্যে ৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। সংশ্লিষ্টতা না পাওয়ায় বাকি দুজনকে অব্যাহতি দেওয়া হয়।
দীর্ঘ সাত বছর ধরে সাক্ষ্যপ্রমাণ, যুক্তিতর্ক ও অন্যান্য বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তিনজনকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। একই সঙ্গে অন্য ছয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
রায়ের পর আসামিপক্ষের আইনজীবী সারওয়ার ই আলম বলেন, তারা আশা করেছিলেন, সব আসামি বেকসুর খালাস পাবেন। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন আহমেদ বলেন, বাদীর সঙ্গে তার কথা হয়েছে। যাদের সাজা দেওয়া হয়েছে, তারাই আঘাত করেছিলেন। এ রায়ে তারা সন্তুষ্ট এবং আপিল করবেন না।