ইরানে হামলা হলে জবাব হবে আরও ভয়াবহ: মোজতবা খামেনি

ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হামলা চালালে তার জবাব আরও ব্যাপক মাত্রায় দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন তিনি। খবর আলজাজিরা।

বিশ্বব্যাপী আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় খামেনি বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের পাল্টা জবাব।

তিনি সতর্ক করে বলেন, এ ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি হলে পাল্টা জবাবের পরিধি আরও অনেক বিস্তৃত হবে।

খামেনি তার বার্তায় মধ্যপ্রাচ্যের ‘প্রতিরোধ ফ্রন্টের’ কর্মকাণ্ডেরও প্রশংসা করেন। এ ক্ষেত্রে ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইয়েমেনের বিভিন্ন গোষ্ঠীর কথা উল্লেখ করে তিনি তাদের পদক্ষেপকে ‘বিচক্ষণ ও শক্তিশালী বীরত্বপূর্ণ কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেন।

খামেনির মতে, সাম্প্রতিক ঘটনাগুলো যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সীমাবদ্ধতা তুলে ধরেছে। এ পরিস্থিতিতে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘পরিপূর্ণ প্রতিরোধ নিশ্চিত করার একমাত্র উপায় হলো সার্বিক উন্নয়নের মাধ্যমে আরও শক্তিশালী ইরান গড়ার কৌশল অব্যাহত রাখা।’