কক্সবাজারের টেকনাফে গভীর খাদে পড়ে বিপাকে পড়েছিল দুটি হাতিশাবক। পরে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় সাড়ে চার ঘণ্টার অভিযানে তাদের জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার শেষে শাবক দুটিকে পাহাড়ি বনের নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফের মধ্যনিলা বিটের অধীন কম্বোনিয়া পাড়া সংলগ্ন মনুমিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া হাতিশাবক দুটির বয়স আনুমানিক পাঁচ বছর।
স্থানীয় বাসিন্দারা খাদে হাতি দুটি আটকে থাকার বিষয়টি বন বিভাগকে জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন বিভাগের কর্মীরা। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু হয়। হাতি দুটিকে বের করে আনতে খাদটির এক পাশের মাটি কেটে চলাচলের উপযোগী পথ তৈরি করা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর শাবক দুটিকে নিরাপদে ওপরে তুলে আনা সম্ভব হয়।
টেকনাফ রেঞ্জের মধ্যনিলা বিট কর্মকর্তা মো. হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান তিনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর বন বিভাগের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। খাদটির এক পাশের মাটি সরিয়ে হাতি দুটির বের হওয়ার পথ তৈরি করা হয়। প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করে বনের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়।
বন বিভাগের প্রাথমিক ধারণা, প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে হাতিশাবক দুটি পানির কাছে গিয়েছিল। এ সময় পানিতে নামার চেষ্টা করতে গিয়ে অসাবধানতাবশত গভীর খাদে পড়ে যায়।