যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংস : এশিয়া ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আবারও শীর্ষস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এবারের তালিকায় এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৩৬তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। আর দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এর অবস্থান ১৬তম।
গত ৩ নভেম্বর কিউএস এ র্যাংকিং প্রকাশ করে। গত বছরও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছিল ঢাবি।
এবারের র্যাংকিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে হংকং বিশ্ববিদ্যালয় এবং চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কিউএস এশিয়া র্যাংকিংয়ে থাকা বাংলাদেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয় হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ১৪৯তম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ১৭৯তম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২১৬তম, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ২৭১তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩২৯তম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৩৪৯তম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩৭০তম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যাল ৩৭৮তম এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ৪০৭তম ।
তালিকায় এশিয়ার শীর্ষ ১০-এ হংকং এর ৫টি, চীনের ৩টি এবং সিঙ্গাপুরের ২টি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে। শীর্ষস্থানে রয়েছে হংকং বিশ্ববিদ্যালয়, হংকং। ২য় ও ৩য় স্থানে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় এবং সিংহুয়া বিশ্ববিদ্যালয়। ৪ ও ৫ নম্বরে রয়েছে হংকংয়ের- হংকং সিটি বিশ্ববিদ্যালয় এবং চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং। যৌথভাবে ৬ এ রয়েছে চীনের ফুদান বিশ্ববিদ্যালয় এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর। তালিকায় ৮ নম্বরে রয়েছে সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি। যৌথভাবে ৯ নম্বর অবস্থানে রয়েছে- হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয় এবং হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, আন্তর্জাতিক র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অবস্থান আনন্দ ও গর্বের। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর
মধ্যে ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রাখা শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। তিনি বলেন, শুধু র্যাংকিংয়ে অবস্থান ধরে রাখাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য নয়। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক পরিম-লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় করতে কাজ চলছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ সমৃদ্ধ করা, গবেষণায় সুযোগ-সুবিধা বাড়ানো, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের বৈশ্বিক মানের দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা অগ্রাধিকার পাচ্ছে।
উল্লেখ্য, কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিংয়ে অ্যাকাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণার মান ও প্রভাব, পিএইচডিধারী শিক্ষক, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়।