পুরনো বাণিজ্যমেলার মাঠ নিজেদের দাবি করে তা পুনরুদ্ধারে আবারও সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের রাস্তা অবরোধ করেন। এ সময় তারা বিভিন্ন সেøাগান দেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টা খানেক সড়ক অবরোধ করে কর্মসূচি পালন শেষে শিক্ষার্থীরা গণপূর্ত কমপ্লেক্সের সামনে গিয়ে গণপূর্ত অধিদপ্তরের কুশপুত্তলিকা দাহনের কর্মসূচি পালনের কথা জানান।
এর আগে গত মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থীদের এক মতবিনিময় সভায় শিক্ষার্থীরা সব পর্যায়ের পরীক্ষা বর্জন এবং বেলা ১১টার পর সব ধরনের ক্লাসে অংশ না নেওয়ার ঘোষণা দেন। পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সব ব্যাচের আন্দোলনরত শিক্ষার্থীরা একত্রিত হয়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে।
শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের পুরনো গবেষণা মাঠে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা বাতিল করে পুরো মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে। গবেষণা ও ব্যবহারিক শিক্ষার জন্য মাঠটি শেকৃবির শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মাঠের মালিকানা ও ব্যবহার বিশ্ববিদ্যালয়ের হাতে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর থেকে পুরনো বাণিজ্যমেলার মাঠ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি দাবি করে তা হস্তান্তরের দাবিতে মাঠ পর্যায়ে আন্দোলন শুরু করেন শেকৃবির শিক্ষার্থীরা।