কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নে মাদকের একটি চালান আত্মসাতের অভিযোগে চারজনকে ধরে নিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। গতকাল বুধবার সকালে হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী বন বিট অফিসের পাশে প্রথমে মোক্তার কামাল নামে এক ব্যক্তির মরদেহ এবং আহত অবস্থায় দুজনকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে একই দিন দুপুর ১টার দিকে হ্নীলা ইউনিয়নের- উলুচামরী ও লেচুয়াপ্রাংয়ের মধ্যবর্তী একটি পেয়ারা বাগান থেকে আকবর নামে আরও একজনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা ও টেকনাফ থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী বন বিট অফিসের পাশে কয়েকজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাদের উদ্ধারের সময় আরও এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার পরিচয় মোক্তার কামাল হিসেবে শনাক্ত করা হয়। একই স্থান থেকে হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলী এলাকার আবুল হোসনের ছেলে ইলিয়াস এবং একই এলাকার বাসিন্দা আলী আহমদকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।