কৌশলগত জলপথ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে সরকারকে অবশ্যই ইরানের সঙ্গে সমন্বয় করতে হবে এবং ইরানের নির্দেশনা মেনে চলতে হবে। ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি গতকাল বুধবার ঢাকায় দেশটির দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ছাড়া কোনো দেশের পক্ষেই এই কৌশলগত জলপথ দিয়ে জ্বালানি পণ্য নিরাপদে পরিবহন করা সম্ভব নয়। তিনি বলেন, এই পথ দিয়ে যেতে হলে ইরান কর্তৃক নির্ধারিত নির্দেশনাগুলো মেনে চলতে হবে।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশগামী জ্বালানি চালানগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে তিনি কাজ করছেন। কোনো বাংলাদেশি জাহাজ ইতিমধ্যে এই প্রণালি অতিক্রম করেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই তথ্যটি গোপনীয় এবং কেবল সংশ্লিষ্ট কর্মকর্তারাই তা জানেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। জলপথটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ইরান, কাতার ও ওমানের হাতে কিছু পরিকল্পনা রয়েছে। তবে এর প্রধান শর্ত ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার করা এবং ভবিষ্যতে আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা পাওয়া।