রাজধানীর মিরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় এশিয়ান ইউনিভার্সিটির একটি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নারীসহ চারজন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উল্টো পথে আসা বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটে এ দুর্ঘটনা। গতকাল বুধবার সকালে মিরপুরের শাহআলী থানাধীন দিয়াবাড়ির নবাবেরবাগ এলাকায় মিরপুর বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ শাহআলী থানার উপপরিদর্শক আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহআলী থানার ওসি মো. রাজিব হোসেন বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোর সাড়ে ৬টার দিকে মিরপুরের নবাবেরবাগ এলাকায় উল্টো পথে আসা এশিয়ান ইউনিভার্সিটির বাসটির সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশাচালক ও যাত্রীরা। এলাকাবাসীর অভিযোগ, মিরপুর বেড়িবাঁধ এলাকায় চলাচলকারী বাসগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে।