হত্যাচেষ্টা মামলা

গরহাজিরায় পরীমণিকে গ্রেপ্তারে পরোয়ানা

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমণিকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। গতকাল বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে আদালতে বাদী হাজির থাকলেও আসামি পরীমণির হাজির ছিলেন না। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতে সময়ের আবেদনে উল্লেখ করেন। পরীমণি অ্যালার্জিজনিত সমস্যার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি। এ জন্য পরবর্তী শুনানির দিন ধার্য করার আরজি জানান তিনি। অন্যদিকে বাদীপক্ষ আসামির জামিন বাতিলের আরজি জানান। শুনানি নিয়ে আদালত পরীমণির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেয়। এর আগে গত ২৯ সেপ্টেম্বর এ মামলার শুনানির দিনে পায়ে ব্যথার কারণে পরীমণি আদালতে আসেননি বলে জানিয়েছিলেন তার আইনজীবী।  ২০২২ সালের ৬ জুলাই ঢাকার একটি আদালতে এ মামলাটি করেন নাসির উদ্দিন। এজাহারে বলা হয়, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে প্রবেশ করে অ্যালকোহল পান করেন এবং একটি অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন।