স্মরণসভায় মির্জা আব্বাস

খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের একজন খাঁটি যোদ্ধা। তিনি ছিলেন সহজ-সরল ও বড় মনের মানুষ। তার আন্তরিকতা মানুষকে সহজেই কাছে টেনে নিত। গতকাল বুধবার বিকেলে রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণসভায় স্মৃতিচারণ করে মির্জা আব্বাস বলেন, আমরা পাশাপাশি এলাকার বাসিন্দা ছিলাম। মুক্তিযুদ্ধের দিনগুলো থেকে শুরু করে জনপ্রতিনিধি সবখানেই আমরা একসঙ্গে ছিলাম। রাজনীতিতে আমাদের মতপার্থক্য কিংবা ঝগড়াও হতো, কিন্তু দিনশেষে আমরা বিএনপির আদর্শ ও মানুষের জন্য একসঙ্গে কাজ করেছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ। দিনটি উপলক্ষে সাদেক হোসেন খোকার জুরাইন কবরস্থানে কবর জিয়ারত এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন।