কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান (৪০)।
বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় গচিহাটা বাজারে অবস্থানকালে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে শাহরিয়ার জামানের ওপর হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়।
ঘটনার বিষয়ে মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন জানান, তার ছেলে বুধবার সন্ধ্যায় গচিহাটা বাজারে গেলে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
কটিয়াদী থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি।তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হামলার কারণ ও জড়িতদের পরিচয় জানতে তদন্তের অপেক্ষায় রয়েছে স্থানীয়রা।