রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, চুরির ঘটনায় জড়িত ব্যক্তি ও কিশোরসহ আটজনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ২৫টি ইয়াবা ট্যাবলেট ও দুই লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় রিন্টু ত্রিপুরা (৩৪), মো. রফিক (৪০), মো. ফজলে রুহানী (২০) ও মো. জাহাঙ্গীর আলমকে (৪৪) আটক করা হয়। তাঁদের হেফাজত থেকে ২৫টি ইয়াবা ও দুই লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিমন নাথ (২৫) নামে আরও একজনকে আটক করা হয়। তাঁর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।
অভিযানে বখাটে কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন কিশোরকেও আটক করা হয়। তারা হলো-মাহিন (১৩), আরিয়ান (১২) ও মো. আরিফুল ইসলাম (১৮)। তাদের বাড়ি রাঙামাটি শহরের তবলছড়ি এলাকায়।
পুলিশ জানায়, আটক কিশোরদের অভিভাবকেরা তাদের সংশোধনের সুযোগ দেওয়ার অনুরোধ জানান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। অন্যদিকে, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় আটক চারজন এবং চুরির ঘটনায় আটক ব্যক্তিসহ মোট পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জসীম উদ্দিন অভিযানের সতত্য নিশ্চিত করে জানান, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।