হবিগঞ্জের মাধবপুরে সিরামিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে আশিক মিয়া নামের শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার জগদীশপুর এলাকায় বিএইচএল সিরামিক কোম্পানির কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আশিক মিয়া (২৫) উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাড়চান্দুরা গ্রামের সমশের আলীর ছেলে।
কারখানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে কারখানার অভ্যন্তরে একটি মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আশিক। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সুকোমল ভট্টাচার্য্য জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।