মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন মা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকাসক্ত ছেলে রিপন চন্দ্র শীলকে (২৫) উপজেলা প্রশাসনের হাতে তুলে দিয়েছেন তার মা। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রিপন চন্দ্র উপজেলার কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামের মৃত গোলক চন্দ্র শীলের ছেলে।

রিপনের মা রিনা রানী জানান, তার ছেলে প্রায়ই মাদকদ্রব্য সেবন করে তাদের মারধর করতেন। এর পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেন।

রিপনের বোন নিপা জানান, আজ সকালে তার ভাই মাদকদ্রব্য সেবন করে তাদের মারধর করলে তাকে হাতেনাতে আটক করে প্রশাসনকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এ সময় রিপন মাদকদ্রব্য সেবন করে মা ও বোনকে মারধরের কথা স্বীকার করেন। পরে বিচারক তামশিদ ইরাম খান তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আদালতের নির্দেশ অনুযায়ী দণ্ডপ্রাপ্ত রিপনকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।