ফরিদপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ফরিদপুরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ দায়ে মো. শরিফুল ইসলাম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মো. শরিফুল ইসলাম (২৮) জেলার নগরকান্দা উপজেলার বাসিন্দা।

মামলার এজাহারে জানা গেছে, ২০২১ সালের ৮ অক্টোবর কেনাকাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ষষ্ঠ শ্রেণির ওই স্কুলছাত্রী। পথে তাকে অপহরণ করেন আসামি শরিফুল ইসলাম। পরে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা নগরকান্দা থানায় শরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট। এ রায়ের মাধ্যমে নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধে জড়িত ব্যক্তিদের কাছে কঠোর বার্তা পৌঁছাবে।