জানাজা শেষে ফেরার পথে আ. লীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইলে জানাজার পড়ে বাড়ি ফেরার পথে সাইফুল ইসলাম নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার মেরেঙ্গা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সাইফুল ইসলাম উপজেলার সিংরইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও এই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, যুবলীগের নেতা।

স্থানীয় ও পুলিশ জানায়, উপজেলার মুসুল্লি ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান ইফতেখার উদ্দিন বিপ্লব ভূঁইয়া বুধবার (৪ নভেম্বর) মারা যান। বৃহস্পতিবার দুপুরে মেরেঙ্গা স্কুল মাঠে তার জানাজার অনুষ্ঠিত হয়। জানাজায় আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। সেখান থেকে ফেরার পথে মেরেঙ্গা বাজার সংলগ্ন আসতেই নান্দাইল মডেল থানার পুলিশ সাইফুল ইসলামকে বহনকারী মোটরসাইকেলের গতিরোধ করে তাকে গ্রেপ্তার করে। এ সময় চালকের আসনে থাকা জাহাঙ্গীরপুর ইউনিয়ন চেয়ারম্যান কামাল উদ্দিন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্নগোপনে চলে যান। সাইফুল ইসলামকে গ্রেপ্তারের সংবাদ ছড়িয়ে পড়লে জানাজায় অংশগ্রহণ করা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তারা দিকবিদিক ছুটাছুটি করে পালিয়ে যান।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান,সাইফুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।