আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এবার অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৬ টাকা ৩২ পয়সা বাড়ানো হয়েছে। এতে প্রতি লিটারের দাম ১৮২ টাকা ৭১ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮৯ টাকা ৩ পয়সা। গত চার মাসে চার দফায় জ্বালানিটির দাম বাড়ানো হলো।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি।

নতুন দর অনুযায়ী, দেশি ও বিদেশি এয়ারলাইনসের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার। নতুন দাম ৫ নভেম্বর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন।

বিইআরসির তথ্য অনুযায়ী, গত চার মাস ধরেই বাড়ছে অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম। গত আগস্টে প্রতি লিটারের দাম ছিল ১৫৯ টাকা ৫২ পয়সা। সেপ্টেম্বরে তা বেড়ে হয় ১৬৫ টাকা ৬৫ পয়সা। অক্টোবরে আরও বেড়ে দাঁড়ায় ১৮২ টাকা ৭১ পয়সা। সর্বশেষ নভেম্বরে তা নির্ধারণ করা হয়েছে ১৮৯ টাকা ৩ পয়সা।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি নিষ্পত্তিতে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নভেম্বর মাসের দাম সমন্বয়ের জন্য ৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত আন্তর্জাতিক বাজারের দর পর্যালোচনা করা হয়েছে। এ জন্য গঠিত কমিটি ওই সময়ের প্ল্যাটস রেটের গড় এবং বিপিসির এলসি নিষ্পত্তিতে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে দাম সমন্বয়ের সুপারিশ করে। গত ৫ নভেম্বর কমিশনের গণশুনানিতে বিষয়টি পর্যালোচনার পর নতুন দাম নির্ধারণ করা হয়।