শিশু শিক্ষার্থী ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

গাজীপুরে ছয় বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় আনোয়ার হোসেন খান নামের এক শিক্ষককে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দিতে না পারলে আসামির স্থাবর সম্পত্তি বিক্রি করে সেই অর্থ ভুক্তভোগী শিশুকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় গাজীপুর মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন খান  শরীফপুর এলাকার করিম খানের ছেলে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মামলার এজাহারে জানা গেছে, ২০১৯ সালের ৩১ আগস্ট সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের গাছা থানার স্থানীয় একটি বিদ্যালয়ে যায় নার্সারি শ্রেণির ছয় বছরের ওই শিক্ষার্থী। সকাল সোয়া ৯টার দিকে অন্য শিক্ষকেরা শ্রেণিকক্ষে চলে গেলে বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন খান শিশুটিকে বিদ্যালয়ের অফিসকক্ষে নিয়ে ধর্ষণ করেন। এরপর শিশুটিকে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পরিবারের সদস্য ও বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ৫ সেপ্টেম্বর শিশুটির মা বাদী হয়ে গাছা থানায় মামলা করেন। মামলায় শরীফপুর এলাকার করিম খানের ছেলে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন খান এবং ঘটনার সহযোগিতার অভিযোগে ফরিদা বেগমকে আসামি করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সেলিনা বেগম। আইনজীবী মহিউদ্দিন ও জাকির কাদের পিপিকে সহযোগিতা করেন।

আইনজীবী মো. মহিউদ্দিন জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে জারি করা সাজা পরোয়ানা সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।