ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে নতুন করে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির লিওঁ শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে দাঙ্গা পুলিশ। কয়েক সপ্তাহ ধরে চলা অস্থিরতার পর নতুন করে শুরু হওয়া এই আন্দোলনে রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ অংশ নিচ্ছেন। খবর রয়টার্সের।
লিওঁতে বিক্ষোভকারীদের একাংশকে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। তাঁদের কারও কারও পরনে ছিল কালো পোশাক এবং মুখ ঢাকা ছিল কাপড়ে।
বামপন্থী শ্রমিক সংগঠন সিজিটি-সহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের আহ্বানে দেশজুড়ে এই বিক্ষোভ ও সরকারি কর্মচারীদের ধর্মঘট পালিত হচ্ছে। এতে শিক্ষার্থী সংগঠনগুলোও সমর্থন দিয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সরকারি পরিষেবার অবনতি এবং শিক্ষা খাতের সংকট নিয়ে সাম্প্রতিক বিক্ষোভগুলো কয়েক বছরের মধ্যে ফ্রান্সে সবচেয়ে বড় নাগরিক অস্থিরতার জন্ম দিয়েছে।
আগামী প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র পাঁচ মাস আগে এই আন্দোলন মাখোঁ সরকারের ওপর নতুন চাপ তৈরি করেছে। নির্বাচনে দ্বিতীয় দফায় কট্টর ডানপন্থী মেরিন লো পেনের সঙ্গে কট্টর বামপন্থী জ্যঁ-লুক মেলঁশোঁর প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। দুই মেয়াদে দায়িত্ব পালন করা মাখোঁ সংবিধান অনুযায়ী আর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
এদিকে বৃহস্পতিবার সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তুলুজ শহরের কাছে একটি উচ্চবিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে টেলিভিশন চ্যানেল বিএফএম টিভি।
এর আগে সকালে প্যারিসে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটে। এ সময় তাঁরা রাস্তায় ময়লার ডাস্টবিন ফেলে যান চলাচল বন্ধ করে দেন।
লিওঁ, মার্সেই ও নঁতে শহরে সকাল থেকেই বিক্ষোভ শুরু হলেও প্যারিসের প্রধান সমাবেশ শুরু হওয়ার কথা স্থানীয় সময় দুপুর ২টায়। প্লাস দ্য লা রিপাবলিক থেকে এই মিছিল বের হওয়ার কথা রয়েছে। ধর্মঘটের কারণে বৃহস্পতিবার আইফেল টাওয়ারও বন্ধ রাখা হয়।