বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

সরকারের তরুণ উদ্যোক্তা তৈরির কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ ও অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। বিকাশসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ব্যবহার করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে তারা। এ ধরনের প্রতারণা থেকে উদ্যোক্তা ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে, ‘উদ্যোগ’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা অ্যাকাউন্ট নেই।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে, উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে কিছু ব্যক্তি ও গোষ্ঠী প্রতারণার চেষ্টা করছে। তারা বিকাশসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা এবং অন্যান্য মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

এতে আরও বলা হয়, ‘উদ্যোগ’ কর্মসূচির সব কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরিচালিত হচ্ছে। তাই এ কর্মসূচির আওতায় ঋণ পাওয়ার নিশ্চয়তা দেওয়া কিংবা ঋণ পাইয়ে দেওয়ার নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থ না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, ‘উদ্যোগ’ নামে তাদের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ কিংবা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি অ্যাকাউন্ট নেই। এ নামে ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা প্রতারণামূলক কর্মকাণ্ড চালানো হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংক্রান্ত আইনসহ প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের প্রতারণামূলক প্রচারণায় প্রভাবিত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থায়ন এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক চালু করেছে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি-উদ্যোগ (ইউডিওয়াইওজি)’।

এই কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ একই সঙ্গে বিতরণ করা হবে।

দেশের প্রত্যন্ত অঞ্চল ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে তাদের অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। গত ১৩ সেপ্টেম্বর এ কর্মসূচির অর্থায়নসংক্রান্ত নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।

প্রথম পর্যায়ে আট জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়। পরবর্তী সময়ে গত ১ নভেম্বর থেকে দেশের অবশিষ্ট ৫৬ জেলার উদ্যোক্তাদের কাছ থেকেও আবেদন নেওয়া শুরু হয়েছে।