আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমান, সম্পাদক মিলন

ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ আমিনুর রহমান (আচ্চু মিয়া)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তামিম আহমেদ মিলন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নির্বাচনে তিনটি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ২১ জন। সভাপতি পদে ৯ ভোট পেয়ে নির্বাচিত হন দৈনিক সংবাদের প্রতিনিধি সৈয়দ আমিনুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সেকেন্দার আলম পান ৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি তামিম আহমেদ মিলন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম আজম মনির পান ৫ ভোট।

অন্যদিকে, সহসভাপতি পদে ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাজমিনুর রহমান।