পাবনায় বজ্রপাতে নিহতদের কবর পাহারায় স্বজনরা

পাবনা সদরের বাসুদেবপুর কবরস্থানে বজ্রপাতে প্রাণ হারানো ৬ তরুণের মরদেহ চুরির আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছেন স্বজন ও এলাকাবাসী। প্রিয়জনকে হারানোর শোকের মাঝেই কঙ্কাল চোর চক্রের ভয়ে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত পালাক্রমে এই নিরাপত্তা দিচ্ছেন তারা।

গত ৩০ অক্টোবর মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিলা ও ঝপঝপিয়া বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একই এলাকার ছয়জনের করুণ মৃত্যু হয়।

নিহতরা হলেন— শাওন (২৪), রব্বেল মোল্লা (২০), মিজানুর রহমান (১০), সাজিদ (১৪), আব্দুল্লাহ (১৮) এবং ইমন (১৪)। পরদিন বাসুদেবপুর কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

দাফনের পর থেকেই স্থানীয়দের মধ্যে বজ্রপাতে নিহতদের মরদেহ বা কঙ্কাল চুরির শঙ্কা দেখা দেয়। সেই ভয় থেকেই শুরু হয় স্বজনদের সশরীরে রাতের ঘুম বিসর্জন দিয়ে কবর পাহারা দেওয়া।

নিহত রব্বেল মোল্লার বাবা ইসমাইল মোল্লা ক্ষোভ ও বেদনা প্রকাশ করে জানান, স্বজন হারানোর চরম শোকের মধ্যে এখন আবার রাত জেগে সন্তানদের কবর রক্ষা করতে হচ্ছে। প্রশাসন বা সরকারের পক্ষ থেকে কবরগুলো স্থায়ীভাবে বাঁধাই করে দিলে তারা এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতেন।

এলাকাবাসী ও স্বজনদের দাবি, বাসুদেবপুর কবরস্থানে অনতিবিলম্বে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা করা প্রয়োজন।

ঘটনা প্রসঙ্গে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, বিষয়টি জানার পরপরই উক্ত স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট বিট অফিসারকে নিয়মিত তদারকির নির্দেশ দেওয়া হয়েছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।