শেখ হাসিনার রক্তের স্বাদ এখনো মেটেনি, ষড়যন্ত্র চলছে: রিজভী

আওয়ামী লীগ ১৬ বছর ক্ষমতায় থেকে অসংখ্য মানুষের রক্ত ঝরিয়েছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এত রক্ত ঝরানোর পরও শেখ হাসিনার রক্তের স্বাদ মেটেনি। দেশ ছেড়ে পালিয়ে গিয়েও পার্শ্ববর্তী দেশ থেকে নানা ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা করছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের আলমাস সিনেমা হলের মোড়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি এ সমাবেশ ও র‍্যালির আয়োজন করে।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

রিজভী আহমেদ বলেন, ৭ নভেম্বরের মূল চেতনা হলো মানুষের কথা বলার অধিকার এবং যেকোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করার স্বাধীনতা প্রতিষ্ঠা করা। আওয়ামী লীগ দীর্ঘ সময় মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিল এবং গণতন্ত্রকে ধ্বংস করেছিল।

১৯৭৫ সালের প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, সেদিন সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে বন্দিদশা থেকে মুক্ত হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৭ নভেম্বর কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি মানুষের অধিকার, স্বাধীনতা ও জাতীয় ঐক্যের প্রতীক।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির বিষয়ে রিজভী বলেন, আওয়ামী লীগ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগসহ অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এমনকি শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে। তিনি দাবি করেন, সম্প্রতি শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরাও রয়েছেন।

দলীয় চেয়ারম্যান তারেক রহমানের কথা উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো বাস্তবায়নে ইতিমধ্যে কাজ করছেন। দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে তার বাস্তবসম্মত পরিকল্পনা রয়েছে।

সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।