নতুন কুঁড়ির উদ্বোধনে নজর কাড়ল যে পরিবেশনা

খুলনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং চীন থেকে আসা শিক্ষার্থীদের যৌথ সাংস্কৃতিক ও ক্রীড়া প্রদর্শনী। বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের ইউনান মিনজু ইউনিভার্সিটি থেকে আসা একদল তরুণ শিক্ষার্থী পরিবেশন করেন ঐতিহ্যবাহী ‘ড্রাগন ড্যান্স’ ও ‘লায়ন ড্যান্স’। চীনা ড্রাগন ও সিংহের কৃত্রিম অবয়ব নিয়ে তাদের দ্রুতগতির পরিবেশনা, ছন্দময় শারীরিক কসরত এবং শৃঙ্খলাপূর্ণ উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে। গ্যালারিতে উপস্থিত হাজারো দর্শক ও খুদে ক্রীড়াবিদ উপভোগ করেন এই পরিবেশনা।

অন্যদিকে, চীনা সাংস্কৃতিক পরিবেশনা ও মার্শাল আর্টের পাশাপাশি বাংলাদেশের লোকজ ঐতিহ্য তুলে ধরে বিকেএসপির খুদে প্রশিক্ষণার্থীরা। দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী লোকনৃত্য, আঞ্চলিক গান ও দেশাত্মবোধক সুরের সঙ্গে তারা পরিবেশন করে নানা ধরনের শারীরিক কসরত।

এ সময় হাডুডু, গোল্লাছুট, ডাংগুলি, লাঠিখেলা, নৌকাবাইচ, মোরগ লড়াই ও লাটিমসহ দেশীয় ঐতিহ্যবাহী খেলাগুলোর প্রদর্শনী তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শনার্থী মুগ্ধ হয়ে এসব পরিবেশনা উপভোগ করেন।

বিকেএসপির দেশীয় কৃষ্টি ও চীনা শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পরিবেশনার সমন্বয়ে পুরো খুলনা স্টেডিয়াম পরিণত হয় এক আন্তর্জাতিক মিলনমেলায়। ভিআইপি মঞ্চে বসে প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো সাংস্কৃতিক ও ক্রীড়া প্রদর্শনী উপভোগ করেন।

উল্লেখ্য, বিকেএসপি ও চীনের ইউনান মিনজু ইউনিভার্সিটির মধ্যে দীর্ঘমেয়াদি ক্রীড়া প্রশিক্ষণ বিনিময় কর্মসূচি চালু রয়েছে। এর আওতায় বিকেএসপির শিক্ষার্থীরা চীনের অভিজ্ঞ কোচদের কাছ থেকে ঐতিহ্যবাহী মার্শাল আর্ট উশু, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও সাঁতারে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে দুই দেশের শিক্ষার্থীদের যৌথ প্রদর্শনীর মধ্য দিয়ে ক্রমবর্ধমান ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পর্কের একটি চিত্র ফুটে ওঠে।