যুদ্ধের কারণে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না: জ্বালানিমন্ত্রী

যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়েই জ্বালানি খাতে অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, গত ছয় মাসে জ্বালানি খাতে সরকার ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। এতে দেশের স্বাভাবিক উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা কঠিন হয়ে পড়ছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নাটোর জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, কৃষিজমিতে সেচের সুবিধা নিশ্চিত করতে সরকার সৌরবিদ্যুৎ ব্যবহারে ভর্তুকি দিচ্ছে। যেসব এলাকায় কৃষিজমি রয়েছে, সেখানে সৌরবিদ্যুতের মাধ্যমে সেচ কার্যক্রম পরিচালনায় উৎসাহিত করা হচ্ছে। আগামী মৌসুমে কৃষিজমিতে সেচের কোনো সমস্যা যাতে না হয়, সে চেষ্টা করছে সরকার।

গ্যাস সরবরাহের বিষয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন গ্যাসক্ষেত্রে খননকাজ চলছে। এতে ইতিবাচক দুটি ফল পাওয়া গেছে। এসব গ্যাস উত্তোলন করা সম্ভব হলে নাটোরে শিল্প খাতে সুষমভাবে গ্যাস বিতরণ করা হবে।

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে মাদকের বিস্তার ঘটেছে। মাদকের হাত থেকে সম্ভাবনাময় আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে। এ জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। সন্তানদের সুরক্ষায় অভিভাবকদের ঘর থেকেই উদ্যোগ নিতে হবে। পাশাপাশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আমরা দেশকে বাসযোগ্য করতে চাই।

জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।