কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য তিতাস শেখ। তার মৃত্যুর খবরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত তিতাস শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের আফজাল শেখের ছেলে। দেশের নিরাপত্তা ও দায়িত্ব পালনে নিয়োজিত এই সেনাসদস্যের মৃত্যুর সংবাদে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
তিতাস শেখের মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।
এদিকে, ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, যৌথভাবে পাহাড়ে অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য তিতাস শেখ গুলিবিদ্ধ হন। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রামু ১০ পদাতিক ব্রিগেডের সেনাবাহিনীর বরাত দিয়ে জানা গেছে, আজ বিকেলের দিকে ১২০ জন রোহিঙ্গাকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে গহিন পাহাড়ে আটকে রাখে পাচারকারীরা। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির ৬৩ সদস্যের একটি দল তাদের উদ্ধার করতে গেলে পাচারকারী পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি শুরু হয়।
এ সময় সৈনিক তিতাস শেখ এর কাঁধে গুলি লাগে। প্রাথমিক চিকিৎসার পর রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানে মারা যান।
শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৩টার দিকে সৈনিক তিতাস শেখ এর লাশ ফরিদপুরের নগরকান্দায় লস্কার দিয়া গ্রামে এসে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন স্বজনেরা।