অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাড়িতে বোমা হামলার হুমকি

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুর বাসভবন ‘জলসা’য় ফের বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। গত দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এমন হুমকি পেলেন অভিনেতা। শুক্রবার (৬ নভেম্বর) পুলিশ জানিয়েছে, নতুন করে ইমেইলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে। তবে বাড়িটিতে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। খবর এনডিটিভি। 

পুলিশ সূত্রে জানা গেছে, অমিতাভ বচ্চনের বাড়ির পাশাপাশি বোমা হামলার হুমকি দিয়ে পাঠানো ইমেইলটি পাঠানো হয়েছিল বোম্বে হাইকোর্ট এবং মহালক্ষ্মী রেসকোর্সেও। এসব স্থানেও তল্লাশি চালানো হয়েছে। তবে কোথাও সন্দেহজনক কোনো বস্তু বা বিস্ফোরকের সন্ধান মেলেনি। 

ইমেইলটির সত্যতা যাচাই, এর উৎস শনাক্ত এবং প্রেরককে খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এর আগে গত ২৩ অক্টোবর একই ধরনের হুমকি পেয়েছিলেন অমিতাভ বচ্চন। সেই ইমেইলটি মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে এবং ডেপুটি মেয়র সঞ্জয় ঘাড়ির কাছেও পাঠানো হয়েছিল। সেখানে ৩১ অক্টোবর একটি স্কুলে গ্রেনেড হামলার হুমকি দেওয়ার পাশাপাশি ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের জুহুর বাড়িতে হামলা চালানোর কথা বলা হয়েছিল।

ইমেইলটিতে ‘খালিস্তান’ প্রসঙ্গও উল্লেখ করা হয়েছিল। পাশাপাশি ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেসকোর্স এলাকায় গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টেও হামলার হুমকি দেওয়া হয়েছিল।

আগের সেই হুমকির পর থেকেই অমিতাভের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এমনকি ভক্তদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতিতেও সতর্কতা অবলম্বন করতে দেখা যায় অভিনেতাকে।

প্রতি রবিবারের মতো সেদিনও জুহুর বাড়ির বাইরে ভক্তদের সঙ্গে দেখা করতে এসেছিলেন ৮৪ বছর বয়সী এই অভিনেতা। তবে এবার তাঁকে দেখা যায় উঁচু একটি মঞ্চে স্থাপিত স্বচ্ছ বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে ভক্তদের উদ্দেশে হাত নাড়তে। এ সময় তাঁর পাশে ছিলেন ছেলে ও অভিনেতা অভিষেক বচ্চন এবং বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী।