কোকেন সেবনে এক মাস নিষিদ্ধ ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার 

ডোপ টেস্টে নিষিদ্ধ মাদক ‘কোকেন’ সেবনের প্রমাণ মেলায় এক মাসের নিষেধাজ্ঞা কাটিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ব্যাটার ক্রিস লিন। গতকাল বৃহস্পতিবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) স্বাধীন তদারকি সংস্থা 'ক্রিকেট রেগুলেটর'-এর প্রকাশ করা এক সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে। 

অবশ্য ঘটনা সাম্প্রতিক নয়। সূত্রপাত প্রায় সাড়ে তিন মাস আগের। গত ১৮ জুলাই ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালস ডে-তে। সেদিন নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে ট্রফি জেতার পথে দুই ম্যাচে ৩৯ ও ৪ রান করেন ৩৬ বছর বয়সী লিন। ম্যাচ শেষে নিয়মমাফিক তার মূত্রের নমুনা সংগ্রহ করে বিশ্লেষণের জন্য ফ্রান্সে বিশ্ব ডাপিং বিরোধী সংস্থা (ওয়াডা)-র স্বীকৃত ল্যাবরেটরিতে পাঠানো হয়। পরীক্ষার পর তার নমুনায় কোকেনের মেটাবোলাইট 'বেনজোইলেকগোনিন'-এর উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। এর পরপরই লিনকে সাময়িকভাবে নিষিদ্ধ করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে ক্রিকেট রেগুলেটর।

সংস্থাটির কাছে নিজের ভুল স্বীকার করে প্রায় মাস খানেক পর সরাসরি বিবৃতিতে লিন জানান, ‘গত ১৫ জুলাই রাত থেকে ১৬ জুলাই ২০২৬-এর ভোর পর্যন্ত কয়েক ঘণ্টা আমি কোকেন সেবন করেছিলাম।’ 

ওই রাতে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দুয়ান জানসেনের বলে পায়ে আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। তবে ক্রিকেট রেগুলেটর তদন্ত শেষে লিনের দাবি মেনে নিয়ে আনুষ্ঠানিকভাবে জানায় যে, এই নিষিদ্ধ ড্রাগ সেবন করা হয়েছিল প্রতিযোগিতার বাইরে (আউট অফ কমপিটিশন) এবং এর সঙ্গে মাঠে ক্রীড়াশৈলী বাড়ানোর কোনো সম্পর্ক ছিল না।

শুরুতে ইসিবি ডোপিং বিরোধী বিধিমালার দুটি ধারায় লিনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং তিন মাসের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরবর্তীতে লিনের নমুনায় কোকেনের মাত্রা নির্দিষ্ট সীমার নিচে থাকায় একটি অভিযোগ প্রত্যাহার করা হয়। এছাড়া লিন একটি স্বীকৃত 'মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কর্মসূচি' সফলভাবে সম্পন্ন করায় তার শাস্তির মেয়াদ তিন মাস থেকে কমিয়ে মাত্র এক মাসে নামিয়ে আনা হয়। যা ৩০ আগস্ট সম্পন্ন হয়েছে বলে ঘোষণা দেয় সংস্থাটি।

নিষেধাজ্ঞা চলাকালীন সময় থেকে এখন পর্যন্ত কোনো ধরনের পেশাদার ক্রিকেটে মাঠে নামেননি এই অসি পাওয়ার হিটার। গত জুলাইয়ে টি-টোয়েন্টি ব্লাস্ট শেষেই লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গাল গ্যালান্টসের হয়ে একটি ম্যাচ খেললেও পায়ের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। বিগ ব্যাশ লিগে বিগ হিটার হিসেবে পরিচিতি পাওয়া লিন আসন্ন মৌসুমের জন্য এখনো কোনো দলের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি না করলেও, অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম 'কোড স্পোর্টস'-এর দাবি অনুযায়ী তিনি মেলবোর্ন রেনেগেডসে যোগ দিতে সম্মত হয়েছেন। যেখানে খেলবেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান।