অতীত থেকে শিক্ষা নিতে বিএনপিকে নাহিদের আহ্বান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। গায়ের জোরে ক্ষমতায় থাকলেও অতীতে অনেকে শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে পারেনি। বিএনপির উচিত অতীত থেকে শিক্ষা নেওয়া।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা পরিষদে আয়োজিত সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নবিষয়ক আঞ্চলিক সমন্বয় সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি। বিএনপির উচিত দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ করে দিয়ে জিয়াউর রহমান যে ঐতিহাসিক ভুল করেছিলেন, তার খেসারত বিএনপিকে দিতে হয়েছে। বিএনপি আবারও একই ভুল করছে।

১১ দলীয় জোট একটি নির্বাচনী জোট। যারা গণভোটের রায়ের জন্য মাঠে কাজ করছে ও সংসদেও আছে। এটি কোনো আদর্শিক জোট নয়। এজেন্ডাভিত্তিক জোট। এনসিপি একটি আলাদা সংগঠন তাদের আলাদা রাজনীতি রয়েছে, যোগ করেন নাহিদ ইসলাম। 

আঞ্চলিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপির সিনিয়র যুগ্ন সদস্য সচিব সারজিস আলম, যুগ্ন আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দর্পণ, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা। 

অঞ্চলভিত্তিক এ সমন্বয় সভায়, রংপুর জেলা ও মহানগর, লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধার নেতারা উপস্থিত ছিলেন।