রাবিতে ব্যাডমিন্টন কোর্ট তৈরি নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যাডমিন্টন খেলার কোর্ট তৈরি করাকে কেন্দ্র করে নৃবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ধৈর্য ধারণের আহ্বানও জানানো হয়।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ব্যাডমিন্টন খেলার কোর্ট তৈরি করাকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক পরিস্থিতিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত গভীর উদ্বেগ ও গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে তদন্তের বিষয়ে বলা হয়, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিন্ডিকেট সভায় ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, রাজশাহী বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা, সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিভেদ, উত্তেজনা কিংবা পারস্পরিক সম্পর্কের অবনতি বিশ্ববিদ্যালয়ের কাম্য নয়। ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা নিরপেক্ষভাবে যাচাই করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে ব্যাডমিন্টন খেলার কোর্ট তৈরি নিয়ে উক্ত দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। একই স্থানে দুই বিভাগের শিক্ষার্থীরাই কিছুদিন আগে কোর্ট কেটেছিল বলে দাবি করতে থাকে। পরে একই জায়গায় নতুন করে কোর্ট তৈরির উদ্যোগ নিলে দুইপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। ঘটনার একপর্যায়ে কথাকাটাকাটি শুরু হয় এবং পরে মারামারির ঘটনা ঘটে।