তুরস্কে গুলিতে নিহত ৮

তুরস্কের পশ্চিমাঞ্চলে ধারাবাহিক গুলির ঘটনায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির আফিয়নকারাহিসার প্রদেশের বিভিন্ন স্থানে তিনটি পৃথক গাড়িতে হতাহত ব্যক্তিদের পাওয়া যায় বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। খবর বিবিসি।

হামলার পর সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে গেলে তাকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। পরে পার্শ্ববর্তী এসকিশেহির প্রদেশ থেকে তাকে গ্রেপ্তারের কথা জানায় কর্তৃপক্ষ।

তুরস্কের সংবাদমাধ্যমে প্রকাশিত সিসিটিভি ফুটেজে কালো জ্যাকেট, সাদা প্যান্ট ও চশমা পরা এক ব্যক্তিকে লাল রঙের একটি মিনিভ্যানের পাশে লম্বা অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, আয়াজিনি গ্রামের কাছে তিনজন এবং কিয়ির গ্রামের কাছে আরও তিনজন নিহত হন। এ ছাড়া ইউকারিতান্দির এলাকায় আহত অবস্থায় দুই নারীকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজন শিক্ষক রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার পর পুলিশ সংশ্লিষ্ট গ্রামগুলোতে যাতায়াতের সড়ক বন্ধ করে দেয়। সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করতে ব্যাপক অভিযানও শুরু করা হয়।

তুরস্কের সংবাদপত্র মিলিয়েতের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী হিসেবে সন্দেহ করা ব্যক্তির ব্যবহৃত একটি গাড়ি পরে কাদায় আটকে থাকা অবস্থায় পাওয়া যায়। গাড়িটি ফেলে রেখে তিনি পায়ে হেঁটে পালিয়ে যান বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আফিয়নকারাহিসার প্রাদেশিক গভর্নর কার্যালয় জানিয়েছে, ঘটনার শুরু থেকেই রাষ্ট্রের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সমন্বয়ের মাধ্যমে কাজ করছে এবং প্রয়োজনীয় কার্যক্রম সতর্কতার সঙ্গে পরিচালনা করছে।