যত বাধাই আসুক, প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।
তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পান না। যত বাধাই আসুক, ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে তার প্রতিবাদ অব্যাহত থাকবে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে কটিয়াদী বাসস্ট্যান্ডে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে আখতারুজ্জামান এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে এক মাস দুই দিন কারাগারে থাকতে হয়েছে। তবে কারাবাস কিংবা ভয়ভীতি প্রদর্শন করে তাকে দমিয়ে রাখা সম্ভব নয়।
নিজের চার দশকের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে সাবেক সংসদ সদস্য বলেন, দীর্ঘদিন তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে সময়ের পরিবর্তনে সেই রাজনৈতিক ধারায় ভাটা পড়েছে বলে মনে করেন তিনি। ন্যায় প্রতিষ্ঠা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলেও জানান এই ।
কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক রফিকুল ইসলাম, নায়েবে আমির সাইদুল হক, সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিমানবন্দরের আলোচিত ‘ট্রলি-কাণ্ডে’ কারাভোগের পর শুক্রবার কিশোরগঞ্জের কটিয়াদীতে নিজ এলাকায় গণসংবর্ধনা পান বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।