শাহজালাল বিমানবন্দরে ১১৪ বিদেশি বন্যপ্রাণী জব্দ, আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কায়দায় পাচারের সময় ১১৪টি বিদেশি বন্যপ্রাণী জব্দ করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

গত ৫ নভেম্বর চীন থেকে আমদানি করা দুটি কার্টনের ভেতরে ওয়েল্ডিং মেশিনের আড়ালে এসব প্রাণী পাচারের চেষ্টা করা হচ্ছিল। জব্দ করা প্রাণীর মধ্যে রয়েছে পাঁচটি অ্যালবিনো টেক্সাস র‍্যাট স্নেক, কিং স্নেক, চাইনিজ ফায়ার-বেলিজ নিউট, রেড-ইয়ারড স্লাইডার কচ্ছপসহ বিভিন্ন প্রজাতির বিদেশি বন্যপ্রাণী।

বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কাস্টমস, প্রাণিসম্পদ অধিদপ্তর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং এভিসেকের প্রতিনিধিরা সহযোগিতা করেন।

অভিযানে আটক ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

উদ্ধার করা প্রাণীগুলো বর্তমানে রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের বিভিন্ন স্থলবন্দর ও বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের তৎপরতা ঠেকাতে নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। এসব প্রবেশপথে নিয়মিত অভিযান ও তদারকি বাড়ানো গেলে অবৈধ বন্যপ্রাণী ও পোষা প্রাণীর বাণিজ্য প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হবে।

বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।