হাটহাজারীতে রিকশা চালকের মরদেহ উদ্ধার 

চট্টগ্রামের হাটহাজারীতে বাসা থেকে ফয়েজ উল্লাহ ফরিদ (৫৫) নামে এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ২টার দিকে হাটহাজারী থানাধীন ১নং দক্ষিণ পাহাড়তলীর আমান বাজার এলাকার জয়নব কমিউনিটি সেন্টারের পেছনের ইউসুফের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রিকশাচালক ফয়েজ উল্লাহ ফরিদ নগরীর চকবাজার এলাকার মুন্সি বাড়ির বাসিন্দা। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে থাকলেও প্রবাস ফেরত ফয়েজ উল্লাহ ফরিদ আমান বাজার এলাকার ওই ভাড়া বাসায় একাই বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর খানেক ধরে ব্যাটারি চালিত রিকশা চালক ফয়েজ উল্লাহ ফরিদ ওই এলাকার ইউসুফের ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। শুক্রবার সকালের দিকে ওই বাসা থেকে হঠাৎ দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় আশেপাশের লোকজন বিষয়টি থানা পুলিশকে জানায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে টয়লেটে ফয়েজ উল্লাহ ফরিদের সারাশরীরে পোকা ধরা অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী করে মরদেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠায়।

হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোস্তাক আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে গত ৩/৪ দিন পূর্বে টয়লেটে পড়ে গিয়ে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।