মিরসরাইয়ে সাদা কালো সুইটসের দ্বিতীয় শোরুম উদ্বোধন

নিজস্ব ডেইরি ফার্মে গরু পালন করে দুধ উৎপাদন, সেই দুধ থেকে ছানা তৈরি এবং ছানা দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টান্ন ও খাদ্যপণ্য প্রস্তুত করছে মিরসরাইয়ের প্রতিষ্ঠান সাদা কালো সুইটস অ্যান্ড ব্রেকার্স। উৎপাদন থেকে পণ্য তৈরি পর্যন্ত নিজস্ব ব্যবস্থাপনায় কার্যক্রম পরিচালনার এই উদ্যোগকে সামনে রেখে প্রতিষ্ঠানটির দ্বিতীয় শোরুম উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (৬ নভেম্বর) সকালে মিরসরাই উপজেলার বড়তাকিয়া বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের পাশে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শোরুমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দুই সহোদর মোহাম্মদ রাশেদ ও মিল্টন জানান, বাজার থেকে সংগৃহীত দুধের পরিবর্তে নিজেদের ডেইরি ফার্মে উৎপাদিত দুধ ব্যবহার করেই তারা মিষ্টান্ন তৈরির জন্য ছানা প্রস্তুত করেন। নিজস্ব খামারে দুধ উৎপাদন থেকে শুরু করে ছানা তৈরি এবং তা দিয়ে বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুতের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপে গুণগত মান বজায় রাখার চেষ্টা করছেন তারা। এতে দুধের উৎস ও কাঁচামালের মান নিয়ন্ত্রণের পাশাপাশি ক্রেতাদের কাছে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে বলে মনে করেন উদ্যোক্তারা।

নতুন শোরুমে ঐতিহ্যবাহী ও আধুনিক বিভিন্ন ধরনের মিষ্টি, রসমালাই, দই, বিভিন্ন স্বাদের কেক, পেস্ট্রি, বিস্কুটসহ নানা ধরনের কনফেকশনারি পণ্য পাওয়া যাচ্ছে। মিষ্টান্নের পাশাপাশি বেকারি ও অন্যান্য খাদ্যপণ্যের সমাহার নিয়ে ক্রেতাদের চাহিদা পূরণের লক্ষ্যেই শোরুমটি সাজানো হয়েছে।

প্রতিষ্ঠানটিতে পাওয়া যাচ্ছে বাদামী সুইটস, সেমাই লাড্ডু, কাঁঠালী ভোগ, ক্ষীর টোস্ট, ঘি টোস্ট, টাং টোস্ট, ক্রীম জাম, কাটা জাম, ছানার মঞ্জুরী, সন্দেশ, সাদা চমচমসহ বেশ কয়েকটি ভ্যারাইটির মিষ্টি।

ডেইরি খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠানটি সেরা স্টল ও মিষ্টান্ন, গুণগত মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সফল উদ্যোক্তা সম্মাননাসহ মোট ৫ বার পুরস্কার অর্জন করেছে।

নিজস্ব ডেইরি ফার্মের দুধ দিয়ে পণ্য উৎপাদন এবং গুণগত মান ও পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জনে কাজ করছেন উদ্যোক্তারা। তাদের প্রত্যাশা, খামারে উৎপাদিত দুধের ব্যবহার এবং নিজস্ব ব্যবস্থাপনায় মিষ্টান্ন তৈরির এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় ক্রেতাদের কাছে প্রতিষ্ঠানটির পণ্যের গ্রহণযোগ্যতা আরও বাড়বে।