সিলেট টেস্টে বাংলাদেশের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে ওপেনার সাদমান ইসলামের চোট। বাঁ পায়ের গোড়ালিতে পাওয়া আঘাতের কারণে অন্তত প্রথম ইনিংসে ব্যাট করতে পারবেন না এই ওপেনার। তার চোটের অবস্থা জানতে স্ক্যান করিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে, মাঠের বাইরে কতদিন থাকতে হতে পারে তাকে।
বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম আজ এক ভিডিও বার্তায় বলেন, 'সাদমান আজ বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছে। পরবর্তীতে আর ফিল্ডিং করতে পারেনি। আমরা ওকে পর্যবেক্ষণে রেখেছি। পাশাপাশি স্ক্যান করানো হয়েছে। মনে হয়েছে ওর একটা চোট আছে। আগামীকাল (আজ) স্ক্যানের রিপোর্ট পাব। তারপর বিস্তারিত জানা যাবে, কতদিন লাগতে পারে। এই মুহূর্তে ও প্রথম ইনিংসে ব্যাট করার মতো অবস্থানে নেই।'
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ম্যাচের অষ্টম ওভারে ফিল্ডিংয়ের সময় চোটে পড়েন সাদমান। মেহেদী হাসান মিরাজের বলে আমির জাঙ্গুর লেগ গ্ল্যান্সে বল চলে যায় ফাইন লেগের দিকে। সেটি থামাতে দৌড়ে গিয়ে সীমানার কাছে স্লাইড করেন সাদমান। এ সময় ঘাসে পা পিছলে বাঁ পায়ের গোড়ালিতে আঘাত পান তিনি।
চোটের পর মাঠেই ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। দ্রুত ছুটে যান দলের ফিজিও ও সতীর্থরা। প্রাথমিক চিকিৎসা দিয়েও পরিস্থিতির উন্নতি না হওয়ায় স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় সাদমানকে। পরে উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয় সাদমানকে।
তার অনুপস্থিতি বাংলাদেশের ব্যাটিং বিভাগ বড় ধাক্কা খেয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম অনুযায়ী, মাথা বা ঘাড়ের চোট ছাড়া অন্য কোনো কারণে বদলি ব্যাটার নামানোর সুযোগ নেই। ফলে তিনি ব্যাট করতে না পারায় ১০ জন ব্যাটার নিয়ে লড়তে হবে বাংলাদেশ দলকে।