সিলেট টেস্টে ব্যাট হাতে ক্যারিবীয়দের হয়ে আলো ছড়াচ্ছেন আমির জাঙ্গু। প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসা এই বাঁহাতি ব্যাটারকে ঘিরে এতদিন ক্রিকেট মহলে এক অন্যরকম কৌতূহল কাজ করছিল। গুঞ্জন ছিল, তাঁর মা নাকি বাংলাদেশি। তবে মাঠের বাইরের এই আলোচনাকে উড়িয়ে দিয়ে দিনশেষে সংবাদ সম্মেলনে এসে এই ক্যারিবীয় ক্রিকেটার পরিষ্কার জানিয়ে দিলেন, তার মায়ের সঙ্গে বাংলাদেশের কোনো দূরতম সম্পর্কও নেই।
সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজের শেকড় ও বাংলাদেশি যোগের গুঞ্জন নিয়ে মুখ খোলেন জাঙ্গু। দৃঢ় কণ্ঠে তিনি বলেন, ‘ একদমই না। খবরটি পুরোপুরি ভিত্তিহীন। আমরা ত্রিনিদাদিয়ান।’
সিলেট টেস্টের প্রথম ইনিংসে জাঙ্গুর ব্যাট থেকে এসেছে দারুণ এক সেঞ্চুরি। দলের চরম বিপর্যয়ের মুখে ক্রিজে নেমে দলের ইনিংস মেরামতের পেছনের রহস্যও সংবাদ সম্মেলনে অকপটে শেয়ার করেন তিনি। প্রথম সেশনে দ্রুত উইকেট হারিয়ে দল যখন কোণঠাসা, তখন নিজেদের সাফল্যের মূল টোটকা সম্পর্কে জাঙ্গু জানান, ‘আসলে কোচ আমাদের বলেছে, যদি আমরা আউট হয়েও যাই, যেন শক্তির জায়গাতেই খেলেই আউট হই। সবসময় যেন শক্তিটা কাজে লাগাই। আমাদের সবার আলাদা রোল আছে দলে। যেন নিজেদের কমফোর্ট জোনের মধ্য থেকেই রান বের করতে পারি। এর থেকে বের হয়ে কিছু করতে চাই না আমরা।’
মিরপুর টেস্টে নিজের ব্যর্থতা পেছনে ফেলে কীভাবে নিজেকে প্রস্তুত করেছেন, সে বিষয়ে জাঙ্গু বলেন, ‘মাইন্ডসেটে বদল আনতে হয়নি। আসলে আমি আগে যা করছিলাম সেগুলোই করে গেছি। কেবল মিরপুর টেস্টে ভালো এক্সিকিউট হয়নি। আমি চেষ্টা করেছি নিজের শক্তির জায়গা কাজে লাগিয়ে খেলতে।’ বিশেষ করে তাইজুল ইসলামের বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণের পরিকল্পনা নিয়ে তিনি যোগ করেন, ‘আমার আগে থেকেই চিন্তা ছিল তাইজুল বল করলে, আমি যেই রানেই থাকি না কেন, সেখান দিয়েই মারব। এটা আমার শক্তির জায়গা তাই কাজে লাগিয়েছি।’
তবে দলের রান নিয়ে কিছুটা আক্ষেপও ঝরেছে এই সেঞ্চুরিয়ানের কণ্ঠে। প্রথম ইনিংসে ৪০০ রানের বেশি করার লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত ৩৫৬ রানে গুটিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ৪০০ রানের বেশি করা। সেদিক থেকে বলতে গেলে আমরা কিছুটা হতাশ। তবে বাংলাদেশ আসলেই চমৎকার বোলিং করেছে। আমরা জানতাম দ্বিতীয় দিন নতুন বলটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। দুর্ভাগ্যবশত আজ ইনিংসটা বেশিদূর টানা সম্ভব হয়নি। তারপরও ৩৫০-এর বেশি রান পাওয়ায় আমরা খুশিই থাকব।’