রাজধানীর দুই স্থানে বাসে আগুন

রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। একই দিন সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একটি পরিত্যক্ত বাসেও আগুন লাগে। তবে সেটিকে দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় বাড্ডার নতুন বাজারে কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নেভানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

ডিএমপির বাড্ডা জোনের এডিসি আল আমিন হোসাইন বলেন, বাসটি যাত্রী নামিয়ে প্রগতি সরণির কোকাকোলা ক্রসিং দিয়ে ইউটার্ন নিচ্ছিল। এ সময় হেলপার বাসটি ঘোরাতে চালককে সহায়তা করছিলেন। তখন মোটরসাইকেলে আসা এক যুবক পেট্রল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাসে কোনো যাত্রী না থাকায় কেউ আহত বা দগ্ধ হননি। এ ঘটনায় চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, শুক্রবার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একটি পরিত্যক্ত বাসে আগুন লাগে।

রমনা থানার ওসি মো. ইয়াছিন মিয়া বলেন, বিড়ি বা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এটি কোনো নাশকতার ঘটনা নয়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেও কাউকে আগুন লাগাতে দেখা যায়নি। প্রত্যক্ষদর্শীরাও কাউকে আগুন লাগাতে দেখেননি। এটি একটি দুর্ঘটনা।