বর্তমান সরকারের উদ্দেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, দেশের মানুষের মতামতকে উপেক্ষা করে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ খেলাফত মজলিস আড়াইহাজার উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে আড়াইহাজার ইমদাদুল উলুম আলিয়া মাদ্রাসা মাঠে এ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আশরাফ আলী এবং প্রধান বক্তা ছিলেন জালালুদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, আপনারা জানেন দেশে দুই ধরণের ব্যালটে ভোট হয়েছিল। একটি হলো সরকার গঠনের অন্যটি হলো রাষ্ট্র মেরামতের জন্য। সরকার গঠনের নির্বাচনে ক্ষমতাসীনরা পেয়েছে ৫১ শতাংশ ভোট আর রাষ্ট্র মেরামতের পক্ষে ভোট দিয়েছেন ৭০ শতাংশ ভোটার। কিন্তু দুঃখের বিষয় সরকার গঠন করে তারা দেশের ৭০ শতাংশ ভোটারের মতামতের তোয়াক্কা না করে লুটেপুটে খেয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে। তারা ভুলে গেছে নিকট অতীতের ফ্যাসিস্ট সরকারের পতনের কথা। দেশের মানুষের মতামতকে উপেক্ষা করে বেশিদিন ক্ষমতায় থাকার অবকাশ নেই।
তিনি আরও বলেন, আপনারা সংবিধান সংস্কারের মাধ্যমে দেশের সিংহভাগ মানুষের রায়ের প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্র মেরামতের পথে হাঁটেন, আমরা এগারো দলীয় জোট আন্দোলন থেকে সরে আসবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় সভাপতি মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল রহমান হেলাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হুসাইন আহমদ, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশিদ, মাওলানা ওবায়দুল কাদের নদভী, মাওলানা এমদাদুল্লাহ, আবুল কালাম দুলাল প্রমূখ।