লালমনিরহাটে বালুভর্তি ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

​লালমনিরহাটের কালীগঞ্জে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে বালুভর্তি ড্রামট্রাকের ধাক্কায় বিপ্লব মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও অন্তত তিনজন আহত হয়েছেন।

​শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ গোপাল রায় এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

যুবক বিপ্লব মিয়া কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর এলাকার গোলাম রব্বানীর ছেলে। আহতরা হলেন-একই এলাকার আব্দুর রহিম আরিফের ছেলে ফরহাদ হোসেন (২৫), হাসেন আলীর ছেলে ফিরোজ মিয়াসহ (২৪) কয়েকজন।

​পুলিশ জানায়, বিকেলে বিপ্লব মিয়াসহ বেশ কয়েকজন যুবক প্রতিবেশী আদিতমারী উপজেলার নামুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে যান। খেলা শেষে সন্ধ্যার দিকে তারা একটি অটোরিকশায় করে নামুড়ী থেকে কাকিনা বাজারের দিকে বাড়ি ফিরছিলেন। পথে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দক্ষিণ গোপাল রায় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বালুভর্তি ড্রামট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বিপ্লব মিয়ার মৃত্যু হয়।

​পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরে মওলা বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ড্রামট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।